ব্রাকের সহায়তায় তারাগঞ্জের কফি চাষে নতুন সম্ভাবনা –

ব্র্যাকের উদ্যোগে তারাগঞ্জে কফি উদ্যোক্তাদের মাঝে আধুনিক প্রক্রিয়াজাতকরণ যন্ত্র হস্তান্তর ও প্রশিক্ষণ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় কফি চাষের সম্প্রসারণ এবং গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করতে কফি চাষি উদ্যোক্তাদের জন্য আধুনিক কফি প্রক্রিয়াজাতকরণ যন্ত্র হস্তান্তর ও একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের নর্থ-১ ডিভিশনের আওতাধীন রংপুর-২ অঞ্চলের উদ্যোগে এবং ‘গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন (দাবি)’ কর্মসূচির আওতায় তারাগঞ্জে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় তারাগঞ্জ ব্রাঞ্চের (গোয়ালবাড়ি) রংপুর-২ অঞ্চলের সম্ভাবনাময় ৮ জন দক্ষ গ্রামীণ কফি উদ্যোক্তার মাঝে আধুনিক কৃষি প্রযুক্তিনির্ভর কফি প্রক্রিয়াজাতকরণ যন্ত্র হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্ভাবিত চারটি আধুনিক কফি প্রক্রিয়াজাতকরণ যন্ত্র—বারি কফি পাল্পার, বারি কফি ডি-হুলার, বারি কফি রোস্টার এবং বারি কফি গ্রাইন্ডার বিতরণ করা হয়।
এর মধ্যে কফি চাষি উদ্যোক্তা মোখলেসুর রহমানের কাছেও এসব যন্ত্র হস্তান্তর করা হয়। তারাগঞ্জ উপজেলার সয়ার (গোয়ালবাড়ি) গ্রামের বাসিন্দা মোখলেসুর রহমান দীর্ঘদিন ধরে কফি চাষের সঙ্গে সম্পৃক্ত। প্রায় ১০ বছর ধরে তিনি নিজ উদ্যোগে কফি চাষ করে আসছেন এবং এ খাতে সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।
কর্মশালায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর টেকনিক্যাল স্পেশালিস্ট মো. আবদুল খালেক কফি চাষিদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। তিনি কফি প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন ধাপ, যন্ত্রগুলোর সঠিক ব্যবহার, রক্ষণাবেক্ষণ এবং পর্যবেক্ষণ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী উদ্যোক্তারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে কফির গুণগত মান বৃদ্ধি ও বাজারজাতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। তিনি ব্র্যাকের এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে ব্র্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষিকে আরও লাভজনক ও টেকসই করে তুলবে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স রংপুর-২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোস্তাফিজুর রহমান, তারাগঞ্জ এলাকার এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. ওয়াসিম আকরাম, বিভাগীয় সেক্টর বিশেষজ্ঞ মো. মনিরুল ইসলাম, ব্র্যাক কৃষি কর্মকর্তা নোশিন তামান্না, আরসি শাহনাজ আখতারসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় কফি উদ্যোক্তারা।
অনুষ্ঠান শেষে অতিথিরা কফি বাগান ও হস্তান্তরকৃত যন্ত্রপাতি পরিদর্শন করেন। এ সময় কফি চাষি উদ্যোক্তা মোখলেসুর রহমান ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণ কফি প্রক্রিয়াজাতকরণকে আরও সহজ করবে এবং উৎপাদনের মান বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি ব্র্যাকের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ব্র্যাকের এ উদ্যোগ কফি চাষিদের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা বৃদ্ধি করবে। পাশাপাশি উত্তরাঞ্চলে কফি চাষের সম্প্রসারণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



আপনার মতামত লিখুন
Array